
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি বড় দল ছিল- আওয়ামী লীগ ও বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবং আল্লাহ যদি নারাজ না হন, তাহলে বিএনপিই ক্ষমতায় যাবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এবং সেই সরকারে কলাপাড়া-রাঙ্গাবালীর প্রতিনিধিত্ব থাকলে উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়া সফর করেছিলেন। সে সময় এলাকার যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, তার সবই বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ও কিছু উন্নয়ন হয়েছে, কারণ তারা বুঝেছিল প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নয়নের বিকল্প নেই। তবে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছিল বিএনপিই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ডভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মী, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।