ইতালিতে পাচার গৌরনদীতে সেই মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা

হোম পেজ » বরিশাল » ইতালিতে পাচার গৌরনদীতে সেই মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে সেই মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ইতালি পাঠানোর প্রলোভনে বরিশালের গৌরনদীর এক যুবককে লিবিয়ায় পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণসহ ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে আসামি করে সোমবার সন্ধ্যায় গৌরনদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

মামলার আসামি হলেন খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে জামাল মোল্লা এবং তার শ্যালক, মৃত বুদাই বেপারীর ছেলে ইউপি সদস্য হাবুল বেপারী। গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামের আব্দুল রহিম সরদার (৫৬) বাদি হয়ে গত ৫ জানুয়ারি বরিশালের মানব পাচার দমন ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

 

মামলায় উল্লেখ করা হয়, জামাল মোল্লা বাদিকে জানিয়েছিলেন, ১৬ লাখ টাকা দিলে তিনি তার প্রবাসী ছেলে জাকির মোল্লা ও সাকিব মোল্লারের মাধ্যমে বাদির বেকার ছেলে আরিফ সরদারকে বৈধভাবে ইতালিতে পাঠাতে পারবেন। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর সাক্ষীদের উপস্থিতিতে প্রথমে জামাল মোল্লার হাতে নগদ ৩ লাখ টাকা দেওয়া হয়। পরে ইসলামী ব্যাংক একাউন্টে বিভিন্ন তারিখে ১৩ লাখ ৯০ হাজার টাকা পাঠানো হয়। এভাবে মোট ১৬ লাখ ৯০ হাজার টাকা বিবাদীদের কাছে দেওয়া হয়।

 

এরপর আরিফকে ইতালি পাঠানোর জন্য জামাল মোল্লা ৪ সেপ্টেম্বর সকালে তাকে বাড়ি থেকে ঢাকা নিয়ে যান। দীর্ঘ সময় খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে জানতে পারেন, আরিফকে ইতালি না পাঠিয়ে সৌদি আরব ও মিশর হয়ে অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয়েছে। সেখানে একটি ছোট ভবনে তাকে আটকে রেখে ঠিকমতো খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে লিবিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়, যেখানে ২৩ দিন বন্দি ছিল। পরে ছেলের জীবন বাঁচাতে ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ১৮ নভেম্বর দেশে ফেরত আনা হয়।

 

বাদি অভিযোগ করেন, জামালের দুই ছেলে জাকির মোল্লা ও সাকিব মোল্লা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। টাকা ফেরত চাওয়ার পর ১৯ নভেম্বর আসামিদের বাড়িতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। মামলার বাদি আরও অভিযোগ করেছেন, আসামিরা সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

 

গৌরনদী থানার এস.আই মো. সাইফুল ইসলাম জানান, মানব পাচার মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯:১০:১৫ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ