চাঁপাইনবাবগঞ্জে রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ, ভর্তি বেড়ে-৫৫

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ, ভর্তি বেড়ে-৫৫
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ, ভর্তি বেড়ে-৫৫

সাগরকন্যা প্রতিবেদক, চাঁঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শীতের শুরুতেই শিশুদের মধ্যে রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন শিশু এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বছরের অন্য সময়ের তুলনায় আক্রান্তের হার প্রায় তিনগুণ বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল পর্যন্ত শিশু ওয়ার্ডে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে ১৬ জন নবজাতক এবং ৪৮ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রোগে মোট ১৮২ জন ভর্তি হয়েছে; এর মধ্যে ৬০ জন ডায়রিয়া, ৩ জন ডেঙ্গু ও ৪ জন নিউমোনিয়া রোগী। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, সাধারণত শীতের শুরুতে ও রমজান মাসে রোগীর চাপ কিছুটা কম থাকে। বছরের অন্য সময়ে যেখানে ৪০০-এর বেশি রোগী ভর্তি থাকে, সেখানে বর্তমানে সংখ্যা নেমে এসেছে প্রায় ৩০০–তে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চর্মরোগ ও ঠাণ্ডাজ্বর বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সোমবার সকালে শিশু ওয়ার্ডে দেখা যায়, বেড সংকটের কারণে অনেক শিশু রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান ও ডা. রেজাউল করিমকে রোগীদের সেবা দিতে ব্যস্ত থাকতে দেখা যায়।

ডা. মাহফুজ রায়হান বলেন, শীতকালে প্রতি বছরই রোটাভাইরাল ডায়রিয়ার ব্যাপকতা দেখা যায়। এবারও পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করছে। তিনি শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি ও ডাবের পানি পান করানো এবং ডায়রিয়া দেখা দিলে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ দেন।

এই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৬ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ