কালকিনিতে সংঘর্ষের পর রাতভর বাড়িঘর ও দোকানে হামলা, অগ্নিসংযোগ-লুটপাট

হোম » ঢাকা » কালকিনিতে সংঘর্ষের পর রাতভর বাড়িঘর ও দোকানে হামলা, অগ্নিসংযোগ-লুটপাট
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


কালকিনিতে সংঘর্ষের পর রাতভর বাড়িঘর ও দোকানে হামলা, অগ্নিসংযোগ-লুটপাটসাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতভর বিভিন্ন এলাকায় বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকটি বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

 

কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঠেঙ্গামারা এলাকায় জিনু হাওলাদার, সেকেন হাওলাদার, হান্নান হাওলাদার, লুৎফর হাওলাদার, ইনু হাওলাদার, ইমাম হাওলাদার ও মঞ্জিল হাওলাদারের বসতঘরে হামলা চালানো হয়। একই এলাকার বেলাল হাওলাদার, হায়দার সরদার ও শহিদুল সরদারের দোকানেও হামলার অভিযোগ উঠেছে।

 

এ ছাড়া উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল রাড়ির বসতঘরেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

 

অন্যদিকে, কালকিনি পৌরসভার চর বিভাগদী এলাকার ইলিয়াস বালির ভাঙারির দোকানে অগ্নিসংযোগ করা হয়। এতে দোকানের মালামাল পুড়ে যায়।

 

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার শিকার ব্যক্তিদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। এরপরও তাঁদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। গভীর রাতে এসব হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, হামলার ঘটনাগুলো নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ