সর্বশেষ

বরগুনায় বিএনপির জেলা আহবায়ক কমিটি ব্যতীত ৪৬৬টি কমিটি বিলুপ্ত

হোম পেজ » লিড নিউজ » বরগুনায় বিএনপির জেলা আহবায়ক কমিটি ব্যতীত ৪৬৬টি কমিটি বিলুপ্ত
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫



বরগুনায় বিএনপির জেলা আহবায়ক কমিটি ব্যতীত ৪৬৬টি কমিটি বিলুপ্ত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা আহবায়ক কমিটি ব্যতীত সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

জানা যায়, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব দলীয় প্যাডে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনকে পাঠানো এক পত্রে অবহিত করেন যে বরগুনা জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। এই চিঠিটিই প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা সাগরকন্যাকে বলেন, আগের জেলা আহবায়ক কমিটি জেলার বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করেছিলেন। তখন এসব কমিটি নিয়ে নানা বিতর্ক ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন কমিটি গঠন করা হবে। আপাতত শুধুমাত্র ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

দলীয় সূত্র জানায়, বরগুনায় ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়ন কমিটি, প্রতিটি ইউনিয়নের নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, চারটি পৌরসভা কমিটি এবং প্রতিটি পৌরসভার নয়টি করে মোট ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন, অসাংগঠনিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে দুই বছর আগে কেন্দ্রীয় বিএনপি সেই কমিটি বিলুপ্ত করে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৬ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ