বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, আগুন

হোম » বরিশাল » বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, আগুন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, আগুনসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলার ভেতরের অংশ পুড়ে গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যক্তি বাড়িটিতে এসে ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। এরপর তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন।

 

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।

 

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

 

রবিউল আল আমিন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

 

অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৫৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ