
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর সেবা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান শরিফুল আলম।
বর্তমানে তিনি কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক। পাশাপাশি কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক দিনকালের কয়রা উপজেলা প্রতিনিধি এবং উপকূল বার্তার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি কয়রা উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় শরিফুল আলম। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি। মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং অসহায় মানুষের খোঁজখবর রাখাকে তার ঘনিষ্ঠজনেরা অন্যতম বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সম্পর্কে শরিফুল আলমের লক্ষ্য, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে মহারাজপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। তবে তার এই প্রত্যাশা শেষ পর্যন্ত কতটা জনসমর্থনে রূপ নেয়, তা নির্ধারিত হবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায়।