মনপুরায় বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

হোম » ভোলা » মনপুরায় বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


মনপুরায় বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, মামলায় কলেজ শিক্ষক গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলায় বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় করা মামলায় মো. জাকির হোসেন নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্যও।

 

মঙ্গলবার রাত ৮টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী মাছঘাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

 

জাকির হোসেন সাকুচিয়া কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষক। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুউদ্দিন মার্কেটসংলগ্ন বেড়িবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেনকে আসামি করা হয়। মামলাটিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

তবে জাকির হোসেনের ভগ্নিপতি রাকিবের দাবি, ওই মারামারির ঘটনায় তাঁর শ্যালক জড়িত ছিলেন না। শত্রুতার কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাকির মাস্টারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ