শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান

হোম » মুক্তিযুদ্ধ » শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

শহীদ বুদ্ধিজীবী দিবসের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

 

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন এবং সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। জাতিকে মেধাশূন্য করার সেই নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান জানাতে তাঁদের জীবন, কর্ম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 

এ জন্য দিবসের সব কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত প্রতিনিধিরা দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদ্‌যাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ