বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

হোম » বরগুনা » বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনায় সড়ক পার হওয়ার সময় টমটমের ধাক্কায় মেয়েকে নিয়ে ছিটকে পড়েন স্কুলশিক্ষক আসমা বেগম (৩৫)। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টমটমের চাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ চালককে আটক করেছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ-সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি উপজেলার ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন আসমা। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাঁকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হন আসমা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন এবং চালক মো. জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমচালককে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ