দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা খালেদা জিয়ার স্বপ্ন: শিক্ষামন্ত্রী

হোম » বরিশাল » দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা খালেদা জিয়ার স্বপ্ন: শিক্ষামন্ত্রী
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা খালেদা জিয়ার স্বপ্ন: শিক্ষামন্ত্রীসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, তাঁরা এমন একটি গাড়িতে বসে আছেন, যেটি সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। তবে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

 

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এবং গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হলে চলবে না, জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ শিক্ষা নিশ্চিত করতে হবে।

 

কারিগরি শিক্ষার উন্নয়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে ছয় মাসের মধ্যে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আদলে আধুনিকায়নের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার আহ্বান জানান তিনি।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হবে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক প্রসঙ্গে তিনি বলেন, ইটের সলিং করা রাস্তায় হাঁটতে তাঁর ভালো লাগেনি। এর পরিবর্তে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে পারলে ভালো লাগত। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে সড়কগুলোতে ইটের সলিং করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ কাজে বেশি দেরি হবে না বলেও আশা প্রকাশ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে তিনি বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

 

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ