
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় গণমাধ্যমকর্মী নীলরতন কুন্ডু নিলয়ের বাসায় দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘট, ঘটের ছড়া, কাঁসর, ঘণ্টাসহ পূজার বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় একটি চক্র। সিসিটিভি ফুটেজে চারজনের সন্দেহভাজন একটি চক্রের গতিবিধি ধরা পড়লেও ঘটনার প্রায় এক মাস পরও তাদের শনাক্ত বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। চোরচক্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নিলয়।
২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন দুপুর ২টার কিছু পরে কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ি এলাকায় নিলয়ের টিনের ঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে পূজার সামগ্রী নিয়ে যায়।
স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন দুপুরে একটি অটোরিকশায় করে চারজন নিলয়ের বাসার সামনে আসে। তাদের মধ্যে দুজন বড় বস্তা নিয়ে বাসার ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। অন্য দুজন অটোরিকশাটি কিছুটা সামনে রেখে জগন্নাথ আখড়াবাড়ির কম্পাউন্ডে অবস্থান নিয়ে চারপাশে নজরদারি করে।
ফুটেজে দেখা যায়, ৪ থেকে ৫ মিনিট পর প্রথম দুই ব্যক্তি বস্তা নিয়ে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে পশ্চিম দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাদের দুজন আবার ফিরে এসে দ্বিতীয় দফায় চুরি করে। ৩ থেকে ৪ মিনিট পর চুরি করা মালামাল বস্তায় ভরে পূর্ব দিকে দৌড়ে অটোরিকশায় ওঠে। পরে সহযোগীদের নিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার দিন রাতেই কলাপাড়া থানাকে বিষয়টি অবহিত করেন নিলয়। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ ও ছবি পুলিশের কাছে সরবরাহ করেন তিনি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
তবে পুলিশি তৎপরতা সত্ত্বেও এখন পর্যন্ত চোরচক্রের সদস্যদের শনাক্ত কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় চোরচক্রের সদস্যদের পাশাপাশি তাদের পেছনে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন নিলয়। কেউ চোরদের চিনতে পারলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৫৬৫৩১১৪ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এ ছাড়া নিকটস্থ থানায় তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তথ্যদাতার পরিচয় গোপন রেখে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নিলয়।
এদিকে জগন্নাথ আখড়াবাড়ি সংলগ্ন বাসার ঠাকুরঘরে চুরির বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।