সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে দিয়ে যৌনকর্ম করানোর চুক্তির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় স্ত্রীর কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন দুই খদ্দের ও কথিত মধ্যস্থতাকারী।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেটসংলগ্ন ঝোপ থেকে তাঁদের আটক করা হয়। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠায় পুলিশ।
আটক মিজান উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় মিজান ‘জাটকি মিজান’ নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডাচালক মাজেদের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেটসংলগ্ন বেড়িবাঁধে যান মিজান। মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দেরের সঙ্গে স্ত্রীকে দিয়ে যৌনকর্ম করানোর জন্য ৫ হাজার টাকায় চুক্তি করেন তিনি।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে স্বামী-স্ত্রী দুজনই স্লুইসগেটসংলগ্ন ঝোপে লুকিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে দেন। এ সময় হোন্ডাচালক মাজেদ ও দুই খদ্দের পালিয়ে যান। পরে আটক রাণি বেগমের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটক স্বামী-স্ত্রীর দাবি, অভাবের কারণে পেটের দায়ে তাঁরা এ কাজে জড়িয়েছেন। তবে উদ্ধার করা ইয়াবা তাঁদের নয়। হোন্ডাচালক মাজেদ তাঁদের কাছে ইয়াবাগুলো রেখে পালিয়ে গেছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।