পবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হোম » শিক্ষা » পবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


পবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল পতাকা স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি ভবনে গিয়ে শেষ হয়।

 

পরে সকাল সাড়ে ১০টায় টিএসসি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

 

সভায় উপাচার্য বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি ও জনতা ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের সূচনা করেছিলেন। ষড়যন্ত্র ও বিদেশি শক্তির হস্তক্ষেপে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সংকটে পড়লে মুক্তিকামী জনতা ও সেনাসদস্যরা দেশপ্রেমিক জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন।

 

তিনি বলেন, জাতীয় সংকটে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয় ৭ নভেম্বর। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং জাতীয় ঐক্য ধরে রাখার চেতনা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণে অনুপ্রেরণা জোগাবে।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ এবং সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ।

 

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সেহেল রানা জনি, মো. রাকিবুল ইসলাম ও আবদুল্লাহ আল নাহিদ। কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন মো. মাহবুবুর রহমান ও মোশাররফ হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ