সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার মেঘনা নদীতে জেলে হানিফ মাঝির জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা চডারমাথা মৎস্যঘাটের শাহাবুদ্দীন ফরাজির আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৫ থেকে ৭ জন ক্রেতা অংশ নেন। সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জামাল কোম্পানি।
জানা গেছে, শনিবার ভোরে তিনজন ভাগী নিয়ে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান স্থানীয় জেলে হানিফ মাঝি। একপর্যায়ে জাল টেনে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় কাতলটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন তিনি।
হানিফ মাঝি বলেন, গত ২৯ অক্টোবর নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে নদীতে গেলেও কাঙ্ক্ষিত মাছ পাচ্ছিলেন না। তবে শনিবার ভোরে তাঁর জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছটি ধরা পড়েছে। মাছটি বিক্রি করতে পেরে তিনি খুশি।
ক্রেতা জামাল কোম্পানি বলেন, মাছটি ঢাকার মাওয়া ঘাটে পাঠানো হবে। সেখানে অন্তত ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। নিলামে অনেক ক্রেতা অংশ নিলেও সর্বোচ্চ দর দিয়ে তিনিই মাছটি কিনেছেন।
আড়তদার শাহাবুদ্দীন ফরাজি বলেন, তাঁর আড়তে বড় কাতল মাছ ওঠার খবর ছড়িয়ে পড়লে মানুষের ভিড় জমে যায়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, গত ২৯ অক্টোবর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপর থেকে জেলেদের জালে বড় ইলিশ, পাঙাশ, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। সামনের দিনগুলোতে জেলেরা আরও বেশি পরিমাণে বড় মাছ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।