পিরোজপুরে ২৬ পাঠককে বই ও গাছের চারা উপহার দিল চেরাগ গ্রন্থাগার

হোম » পিরোজপুর » পিরোজপুরে ২৬ পাঠককে বই ও গাছের চারা উপহার দিল চেরাগ গ্রন্থাগার
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


পিরোজপুরে ২৬ পাঠককে বই ও গাছের চারা উপহার দিল চেরাগ গ্রন্থাগারসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে পিরোজপুরে নিবিড় পাঠাভ্যাস মূল্যায়ন কর্মসূচিতে বিজয়ী ২৬ পাঠককে বই ও গাছের চারা উপহার দিয়েছে চেরাগ গ্রন্থাগার ও জন অধ্যয়ন কেন্দ্র।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিরোজপুরের চেরাগ ভবনে ‘নিবিড় পাঠাভ্যাস মূল্যায়ন কর্মসূচি-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র। প্রধান আলোচক ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চেরাগ গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি মোহাম্মদ আলমগীর কবির।

 

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মামুন বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষাজীবনের চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত সাফল্য হলো জ্ঞান অর্জন এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। জ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশে গ্রন্থাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত বই পড়ার বিকল্প নেই।

 

কাজী মুজিবুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রয়াত কাজী মশিউর রহমান রাজিবের স্বপ্ন ও উদ্যোগের ফসল চেরাগ গ্রন্থাগার। এ সময় তিনি গ্রন্থাগারটির ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

 

গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, এ অঞ্চলে গ্রন্থাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। গ্রন্থাগারের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সুশীল সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনন্য। চেরাগ গ্রন্থাগারের উন্নয়নে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন বলেও জানান তিনি।

 

অনুষ্ঠানে উত্তর পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সমাদ্দার, বিএনপি নেতা শরিফ মো. নওশাদ আলী মিন্টুসহ গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য, পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে কর্মসূচিতে বিজয়ী ২৬ জন পাঠক সদস্যের প্রত্যেককে একটি করে বই ও দুটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ