বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কাজের দর নির্ধারণের দাবি ঠিকাদারদের

হোম » পটুয়াখালী » বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কাজের দর নির্ধারণের দাবি ঠিকাদারদের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


 

বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কাজের দর নির্ধারণের দাবি ঠিকাদারদের

কাজল বরণ দাস, পটুয়াখালী থেকে

 

সরকারি উন্নয়নকাজের দরপত্রে মালামালের মূল্য বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের দাবি জানিয়েছেন পটুয়াখালীর ঠিকাদাররা। এ দাবিতে পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘পটুয়াখালী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি’।

 

বুধবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালিকাভুক্ত ঠিকাদাররা এসব দাবি তুলে ধরেন।

 

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় ঠিকাদারদের পক্ষে বক্তব্য দেন মেসার্স আরিক কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মশিউর রহমান মিলন। তিনি বলেন, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ঠিকাদাররা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত হয়ে এবং প্রতিবছর নির্ধারিত ফি পরিশোধ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। তবে বিগত সরকারের আমলে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

 

ঠিকাদারদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও সরকারি কাজের দরপত্রে মালামালের যে মূল্য নির্ধারণ করা হচ্ছে, তা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। ফলে নির্ধারিত দরে কাজ করতে গিয়ে ঠিকাদারদের নিজস্ব অর্থ থেকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এতে সাধারণ ঠিকাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে।

 

তাঁরা বলেন, ঠিকাদারি ব্যবসাই তাঁদের একমাত্র আয়ের উৎস। এ ব্যবসার ওপর নির্ভর করে স্ত্রী, সন্তান ও বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে হয়। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কাজের দর পুনর্নির্ধারণ করা না হলে ঠিকাদাররা আরও আর্থিক সংকটে পড়বেন।

 

মতবিনিময় সভায় ঠিকাদাররা জানান, গত ১৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়। এতে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

 

ঠিকাদারদের অভিযোগ, ওই নির্দেশনা উপেক্ষা করে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ১৪টি রক্ষণাবেক্ষণকাজের দরপত্র আহ্বান করেছেন। সংশোধন করে এসব দরপত্র পুনরায় আহ্বান করা না হলে সমমনা কোনো ঠিকাদার তাতে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

 

এ সময় ঠিকাদাররা ‘পটুয়াখালী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি’ নামে একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন গঠনের উদ্যোগের কথা জানান। একই সঙ্গে সরকারি উন্নয়নকাজের দর বর্তমান বাজারদরের ভিত্তিতে পুনর্নির্ধারণ এবং সাধারণ ঠিকাদারদের পেশাগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় ঠিকাদার শিপলু খান, মোহন, বাবু, আল-আমিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ