কলাপাড়ায় গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম আদালতের কার্যকারিতা ও গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে এর ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার লালুয়া ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল খালেক। এ ছাড়া গ্রাম আদালতের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

 

‘গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম’ শীর্ষক বিতর্কে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে অংশ নেয়।

 

পক্ষে দলের সদস্যরা ছিলেন মোসা. তানজিলা আক্তার, মোসা. ইসরাত জাহান ও দলনেতা বায়জীদ। বিপক্ষে দলের সদস্যরা ছিলেন মো. ইবনে সাবিত, মোসা. নাহিদা আক্তার ও দলনেতা মোসা. আফরোজা আক্তার। প্রতিযোগিতায় পক্ষে দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পক্ষে দলের দলনেতা বায়জীদ। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষকরা।

 

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় গ্রাম আদালতের স্লোগান ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে’ তুলে ধরা হয়।

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া উভয় দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ