গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোম » পটুয়াখালী » গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা গলাচিপা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, প্রস্তুতি ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তাঁরা বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

 

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি পরিবার থেকেই শুরু করতে হবে। গলাচিপার মতো উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:৩৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ