খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

হোম » খুলনা » খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক গুরুতর আহত
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দুই হাতের কবজির ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁরা তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা।

 

আহত শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, শাহ আলম খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত। দায়িত্ব পালন শেষে সাদা পোশাকে নদী পার হয়ে রিকশায় করে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ