মনপুরায় দুই ট্রলারসহ ৪ জেলে আটক, জরিমানা ৬০ হাজার টাকা

হোম » জেলে-মৎস্য » মনপুরায় দুই ট্রলারসহ ৪ জেলে আটক, জরিমানা ৬০ হাজার টাকা
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

মনপুরায় দুই ট্রলারসহ ৪ জেলে আটক, জরিমানা ৬০ হাজার টাকা

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। এ সময় দুটি ফিশিং ট্রলার, ২০ কেজি মা ইলিশ ও প্রায় ৭ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার জেলেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব প্রত্যেক জেলেকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন।

 

জরিমানা দেওয়া জেলেরা হলেন হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের শাহিন (২১), ইউনুচ (৫৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫)। অপর জেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের মো. ছালাউদ্দিন (৩৫)।

 

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, অভিযানে জব্দ করা ২০ কেজি মা ইলিশ হাজী ইব্রাহীম খলিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে প্রায় ৭ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ