২৪ ঘণ্টায়ও মরদেহ মেলেনি, বরগুনায় জাল-খুঁটি তুলতে গিয়ে জেলে নিখোঁজ

হোম » বরগুনা » ২৪ ঘণ্টায়ও মরদেহ মেলেনি, বরগুনায় জাল-খুঁটি তুলতে গিয়ে জেলে নিখোঁজ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

২৪ ঘণ্টায়ও মরদেহ মেলেনি, বরগুনায় জাল-খুঁটি তুলতে গিয়ে জেলে নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার আমতলীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে নদীতে পুঁতে রাখা জাল, খুঁটি ও রশি তুলতে গিয়ে ওমর আলী গাজী (৪৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

 

বুধবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাকিম গাজীর ছেলে ওমর আলী নিজের নৌকা নিয়ে পায়রা নদীর মাঝখানে যান। সেখানে পুঁতে রাখা জাল ধরার খুঁটি ও রশি অপসারণের সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

 

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের জেলেরা ছুটে এলেও তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পটুয়াখালীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

 

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার (লিডার) মো. গোলাম মোস্তফা বলেন, আমতলী ও পটুয়াখালীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

 

নিখোঁজ ওমর আলীর স্ত্রী জেসমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর স্বামী আর নাই। আয়-রোজগারের মানুষটা মরে গেছে। পাঁচটা মেয়ে নিয়ে এখন কী খেয়ে বাঁচব! আল্লাহ, আমার স্বামীর মুখটা একটুখানি দেখতে চাই।’

 

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, ওমর আলী একজন আদর্শ জেলে ছিলেন। সরকারি নির্দেশনা মেনেই তিনি মাছ শিকার করতেন। নিষেধাজ্ঞার আগে জাল, খুঁটি ও রশি অপসারণ করতে গিয়ে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, নিখোঁজ জেলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।

 

নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ