রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

হোম » খুলনা » রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রামপাল থানায় দায়িত্ব পালনকালে হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন শেখ রাজীব আল রশিদ। পরে সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পাল জানান, জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা শেখ রাজীব আল রশিদকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

 

শেখ রাজীব আল রশিদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

 

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ