
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে বাগেরহাটের মোংলা থানার শেলা নদীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, শেলা নদীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় একটি দস্যুদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে কোস্টগার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালায়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে এলাকায় তল্লাশি চালিয়ে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোংলা থানায় হস্তান্তর করা হবে।