আমতলী পায়রা নদীতে মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে জেলে নিখোঁজ

হোম » জেলে-মৎস্য » আমতলী পায়রা নদীতে মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে জেলে নিখোঁজ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

আমতলী পায়রা নদীতে মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে জেলে নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে পায়রা নদীতে ফেলে রাখা জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ওমর আলী আমতলী পৌরসভার লোচা গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা আরেক জেলে জলিলুর রহমান জানান, নিষেধাজ্ঞা পালনের জন্য নদীতে থাকা জাল ও জাল ফেলার সরঞ্জাম তুলছিলেন তাঁরা। এ সময় হঠাৎ ওমর আলী নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান।

 

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

 

উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলিটেটর মো. হিমেল মিয়া বলেন, ‘উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ জেলেকে পাওয়া যায়নি। ভাটার স্রোতে তিনি সাগরের দিকে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

 

নিখোঁজ ওমর আলীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, ‘বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জাম তুলতে গিয়ে পড়ে যান। এরপর আর উঠতে পারেননি।’

 

জেলে জলিলুর রহমান বলেন, ‘আমরা দুজন পায়রা নদীতে ইলিশ ধরার জাল ফেলি। নিষেধাজ্ঞা পালনের জন্য বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নদী থেকে জাল ও সরঞ্জাম তুলছিলাম। এ সময় ওমর আলী ছিটকে নদীতে পড়ে যান। তাঁকে উদ্ধারের চেষ্টা করেও পারিনি।’

 

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার গোলাম মোস্তফা বলেন, ‘উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৩ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ