
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন বরিশালের গৌরনদীর দুই ভিক্ষুক। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের উদ্যোগে সরকারি খাসজমির চান্দিনা ভিটিতে তাঁদের জন্য দোকানঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পিঙ্গলাকাঠী বাজারে দোকানঘর দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মমুখী জীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে তাঁদের।
পুনর্বাসনের জন্য নির্বাচিত দুই ব্যক্তি হলেন পিঙ্গলাকাঠী এলাকার মোঃ মনির সরদার ও কুতুপুর এলাকার মোঃ মজিবর সরদার। স্থানীয়দের মতামতের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়েছে।
‘ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ’- এই স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুনর্বাসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দোকানঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। এ ছাড়া উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জামাল ফকির, মোঃ ফুয়াত হোসেন এ্যনি এবং বাজার কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ভিক্ষাবৃত্তি থেকে তাঁদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।