বরিশালে টানা পঞ্চম দিন এলপিজি সংকট, বেশি দামে বিক্রির অভিযোগ

হোম » বরিশাল » বরিশালে টানা পঞ্চম দিন এলপিজি সংকট, বেশি দামে বিক্রির অভিযোগ
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

বরিশালে টানা পঞ্চম দিন এলপিজি সংকট, বেশি দামে বিক্রির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে টানা পঞ্চম দিন রবিবারও তীব্র এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ বিক্রয়কেন্দ্রে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও সীমিত পরিমাণে মিললেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

 

একই সংকটে পড়েছেন অটোগ্যাসনির্ভর থ্রি-হুইলার চালকেরাও। গ্যাসের জন্য এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটতে হচ্ছে তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

 

ব্যবসায়ীদের দাবি, প্রায় এক মাস ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম। এতে মজুত কমতে কমতে সংকট এখন তীব্র আকার নিয়েছে। এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর পাইকারি বাজারে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা বেড়ে ১ হাজার ৬৪০ টাকায় দাঁড়ায়। এর আগে দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে বর্তমানে কোম্পানিগুলোও ডিলারদের চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করতে পারছে না।

 

এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কয়েক দিন আগেও ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডার এখন অনেক ক্ষেত্রে ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

ভোক্তা মোশাররফ হোসেন বলেন, গ্যাসের জন্য কয়েকটি দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাননি। পরে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

 

খুচরা ব্যবসায়ী মারুফ হাওলাদার বলেন, সপ্তাহখানেক ধরে তারাও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সরবরাহ কম থাকায় দোকানে সিলিন্ডার রাখা সম্ভব হচ্ছে না। বেশি দামে কিনতে হলে স্বাভাবিকভাবেই বিক্রয়মূল্যও বেড়ে যাচ্ছে।

 

সান গ্যাসের বরিশালের ডিলার মো. জুয়েল বলেন, বাজারের চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণেই সংকট দেখা দিয়েছে।

 

এদিকে বাসাবাড়ির পাশাপাশি পরিবহণ খাতেও সংকটের প্রভাব পড়েছে। বরিশাল নগরীর ১০টি এলপিজি ফিলিং স্টেশনের বেশির ভাগেই পর্যাপ্ত অটোগ্যাস নেই বলে চালকদের অভিযোগ। নগরীতে অনুমোদিত প্রায় ২ হাজার ৬০০টি গ্যাসচালিত থ্রি-হুইলার রয়েছে। গ্যাস না পেয়ে এসব গাড়ির চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আবার কেউ কেউ এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ