
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরগুনার পাথরঘাটা পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কে নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা। সড়কজুড়ে নির্মাণসামগ্রী পড়ে থাকা, কোথাও সংযোগ সড়ক বন্ধ এবং কোথাও সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ সড়কের জরাজীর্ণ লোহার সেতু ও কালভার্ট প্রতিস্থাপনে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয়টি প্যাকেজে নির্মাণকাজ শুরু হয়। ৩৩২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন করা হয়েছে।
প্রকল্পের আওতায় ১৬টি সেতু ও ২৯টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ধীরগতি ও বিলম্ব হচ্ছে। শুষ্ক মৌসুমে নির্মাণস্থলে ধুলাবালির কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, একটি নতুন সেতুর সংযোগ সড়কের সহায়ক দেয়ালের একাংশ ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
যানবাহনের চালকেরা জানান, সড়কের একাধিক স্থানে নির্মাণকাজের কারণে চলাচলের জায়গা কমে গেছে। ফলে যানজট তৈরি হচ্ছে এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুবেল বলেন, প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছিল। ওই প্রক্রিয়া ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের ব্যয় বাড়ানো হয়নি। পাশাপাশি সড়ক প্রশস্ত করার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে।
সংশ্লিষ্টদের আশা, অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত শেষ হলে পিরোজপুর ও বরগুনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে।