আমতলীতে এলপিজি গ্যাসের সংকট, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

হোম » বরগুনা » আমতলীতে এলপিজি গ্যাসের সংকট, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনায় আমতলীতে এলপিজি গ্যাসের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। ডিলারদের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা দামে সিলিন্ডার কিনে খুচরা বিক্রেতারা তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

 

ক্রেতাদের অভিযোগ, গ্যাসের সংকটকে কেন্দ্র করে একটি চক্র অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর তদারকি নেই বলেও অভিযোগ তাদের। দ্রুত অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে সরকার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করে। তবে আমতলীতে ওই সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

 

ক্রেতা হুমায়ুন কবির বলেন, তিন দিন আগে তালুকদার বাজার থেকে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডার ২ হাজার ১০০ টাকায় কিনেছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৫০০ টাকা বেশি দিতে হয়েছে বলে জানান তিনি।

 

খুচরা বিক্রেতা আমান উল্লাহ বলেন, ডিলার ইব্রাহিম ও বাচ্চু ভ্যানগাড়িতে করে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছেন। তিনি ওমেরা, আইগ্যাস, বিএম, সেনা ও পেট্টোম্যাক্স কোম্পানির সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা করে কিনছেন। বেশি দামে কেনায় তিনি ৫০ টাকা বেশি দামে বিক্রি করছেন বলে জানান।

 

পেট্টোম্যাক্স গ্যাস কোম্পানির ডিলার ইব্রাহিম বলেন, তিনি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা করে বিক্রি করছেন।

 

ওমেরা গ্যাস কোম্পানির ডিলার মো. আতিকুর রহমান বাচ্চু বলেন, বাজারে গ্যাসের তীব্র সংকট রয়েছে। বর্তমানে মাত্র ছয়টি কোম্পানির সিলিন্ডার সরবরাহ আছে। ওই কোম্পানিগুলো সিলিন্ডারপ্রতি ১৩০ টাকা দাম বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

 

বসুন্ধরা গ্যাস কোম্পানির ডিলার মো. মহিউদ্দিন বলেন, গত দুই মাস ধরে কোম্পানি গ্যাসের সিলিন্ডার সরবরাহ না করায় তাদের বিক্রি বন্ধ রয়েছে।

 

সেনা কোম্পানির গ্যাস ডিলার মো. রেজাউল বলেন, এলপিজি সিলিন্ডারের সংকট রয়েছে। ২০০টি সিলিন্ডার মোংলা থেকে আনতে ১৯ হাজার টাকা ট্রাকভাড়া দিতে হয়েছে। কোম্পানির নির্ধারিত মূল্য ও পরিবহন খরচ মিলিয়েই গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। বেশি দামে গ্যাস বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ