
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। শনিবার (৩ অক্টোবর) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায়। একটি ভালো বই মানুষকে আলোকিত করার পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। বরগুনায় এমন বইমেলার আয়োজন পাঠক ও শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিক বিন আনসারী সুমন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, গণমাধ্যমকর্মী মো. আসাদুজ্জামান ও তরিকুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন প্রকাশনা ও বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বই কেনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।
মেলা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে বরগুনা জেলা প্রশাসন।