দশমিনা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. সিকদার গোলাম মোস্তফা আর নেই

হোম » লিড নিউজ » দশমিনা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. সিকদার গোলাম মোস্তফা আর নেই
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬


 

দশমিনা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. সিকদার গোলাম মোস্তফা আর নেই

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব সিকদার গোলাম মোস্তফা (৬১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দশমিনা ইউনিয়নের মরহুম আবদুর রাজ্জাক সিকদারের বড় ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি পাস করেন। শিক্ষাজীবন শেষে আইন পেশায় যুক্ত হন। পাশাপাশি ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় তিনি কাজ করেছেন।

 

দশমিনা উপজেলায় প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে ‘দশমিনা প্রেসক্লাব’ প্রতিষ্ঠা করেন তিনি। আইন পেশার পাশাপাশি সমাজের বিভিন্ন চিত্র গণমাধ্যমে তুলে ধরতেন। তিনি দশমিনা উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আসরের নামাজের পর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

 

তার মৃত্যুতে দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিনসহ সদস্যরা এবং উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট কোরশেদ আলমসহ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ