
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্প্রসারিত নতুন ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জু মোল্লা, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিমুল্লাহ এনিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ছোবাহান মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উদ্যোক্তারা।
বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে সরকার বিভিন্নভাবে ঋণ ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। তরুণদের এসব সুযোগ কাজে লাগিয়ে মৎস্য চাষ, গবাদিপশু পালন ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগী হতে হবে।
তারা আরও বলেন, দেশের কৃষি উৎপাদন সমৃদ্ধ করতে তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।