
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষিকা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারহানা আক্তার এবং একই একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিআরআর প্রকল্পের সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন প্রকল্প কর্মকর্তা যিহিস্কেল ইজারাদার।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রধান অতিথি বলেন, ‘কন্যা শিশুদের সাহসের সঙ্গে স্বপ্নের পরিধি বাড়াতে হবে। কারণ আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।’
বিশেষ অতিথিরা কন্যা শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।