চরফ্যাশনে উপাধ্যক্ষের এমপিও স্থগিত, অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

হোম » লিড নিউজ » চরফ্যাশনে উপাধ্যক্ষের এমপিও স্থগিত, অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

চরফ্যাশনে উপাধ্যক্ষের এমপিও স্থগিত, অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাকির হোসেনের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাঁর নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. জাকির হোসেনকে দক্ষিণ চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়োগে বৈধ ও প্রকাশ্য নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রের অভিযোগ, ওই নিয়োগের পেছনে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আবুল বশার হেলালী ও উপাধ্যক্ষ জাকির হোসেনের মধ্যে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। তবে এ লেনদেনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

 

অভিযোগ রয়েছে, নিয়োগকে বৈধতা দিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশার হেলালী মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জাল করে নিয়োগ-সংক্রান্ত নথি তৈরি করেন। পরে ওই নথির ভিত্তিতে উপাধ্যক্ষ জাকির হোসেনের এমপিও অনুমোদন করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে বিষয়টি পর্যালোচনা করে উপাধ্যক্ষ জাকির হোসেনের এমপিও সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে তাঁর নিয়োগ অবৈধ ঘোষণা এবং এমপিও বাতিল করা হবে না কেন- তা জানতে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শিক্ষক-কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ