সন্ত্রাসের বিরুদ্ধে বরগুনায় বিএনপির বিক্ষোভ

হোম » রাজনীতি » সন্ত্রাসের বিরুদ্ধে বরগুনায় বিএনপির বিক্ষোভ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

সন্ত্রাসের বিরুদ্ধে বরগুনায় বিএনপির বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা। সমাবেশ থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে কিংবা অরাজকতা সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।’

 

তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।’

 

সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীনসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শ্রমিক দলের ১০টি ইউনিটের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ