উজিরপুরে বাসচাপায় তিন বন্ধু নিহত

হোম » লিড নিউজ » উজিরপুরে বাসচাপায় তিন বন্ধু নিহত
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

উজিরপুরে বাসচাপায় তিন বন্ধু নিহত

সাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই বন্ধু এবং আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সৌরভসহ তিনজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের অন্য স্টাফরা পালিয়ে গেছে।

 

দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

 

পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ