মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

হোম » শিক্ষা » মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

শিক্ষক-শিক্ষার্থীদের গল্প, গান, খেলাধুলা আর হাসি-আনন্দে সোমবার মুখর হয়ে উঠেছিল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণ বনভোজন ও মিলনমেলা ‘মেলবন্ধন’।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। ক্যাম্পাস সাজানো হয় নানা আয়োজনে। ছবি তোলা, খেলাধুলা, গান, গল্পসহ বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আয়োজনের পুরো সময়জুড়ে ছিল সুশৃঙ্খল ব্যবস্থাপনা। খাবার পরিবেশনেও ছিল পরিকল্পিত বণ্টনব্যবস্থা। সাধারণ ও পরিমিত মেনুতে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আনন্দ আয়োজন।

 

শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। তাঁরা বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।

 

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা বলেন, ‘শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের এই মেলবন্ধন আয়োজনকে স্বতঃস্ফূর্ত ও সুন্দর করার জন্য কাজ করেছেন। আমি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

 

সীমিত ব্যয় ও সামর্থ্যের মধ্যেও আন্তরিকতা, পরিকল্পনা ও শৃঙ্খলার সমন্বয়ে আয়োজিত ‘মেলবন্ধন’ শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৬ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ