
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির সংগঠক হাবিব হাওলাদার।
১৯৯৫ সালে মাধ্যমিক এবং ১৯৯৭ সালে বরিশাল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন হাবিব হাওলাদার। পরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ২০০১ সালে স্নাতক (সম্মান) এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। অবিভক্ত উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাচিত হন অবিভক্ত উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ওই পদে তিনি টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন।
পরে ইউনিয়ন যুবদলের সংগঠক হিসেবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বর্তমানে ইউনিয়ন বিএনপির একজন সংগঠক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন হাবিব হাওলাদার।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, দলের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক ভূমিকা বিবেচনায় হাবিব হাওলাদারকে দলীয় মনোনয়নের জন্য বিবেচনা করা হতে পারে। তবে চূড়ান্ত মনোনয়ন দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।