
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে খাল পরিষ্কার অভিযান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে নদীভাঙনকবলিত এলাকাও পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ‘বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান’ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। প্রধান বক্তা ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
সমাবেশে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, বরিশাল উত্তর বিএনপির সদস্য তারিকুল ইসলাম কাফি, প্রবাসী বিএনপি নেতা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব খান, মানবিক কর্মী মো. কাজী সুজন, জুলাই যোদ্ধা মো. তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইউএনও মো. ইব্রাহিম বলেন, পরিবেশ রক্ষায় খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা জরুরি। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে কর্মকর্তারা খাল পরিষ্কার অভিযান ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় খাল-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশ সুরক্ষা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।