
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় ২৭ বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন এক কৃষক। এ সময় জমির আমন ধান ও গাছপালা নষ্ট এবং সীমানা বেড়া ভাঙচুরের পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম।
লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, কয়রা মৌজার এসএ ১২৫ নম্বর খতিয়ানের ১৬৭৪ নম্বর দাগে ০.৬৬ একর জমি তিনি ১৯৯৯ সালে কেনেন। এরপর জমিটি তাঁর নামে নামজারি করেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। সীমানা বেড়া দেওয়ার পাশাপাশি সেখানে গাছপালা লাগানো ও বিভিন্ন ফসল আবাদ করে দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন তিনি।
রেজাউল করিমের অভিযোগ, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মদিনাবাদ গ্রামের বাবর আলী গাজীর ছেলে মোশারফ হোসেনসহ কয়েকজন ওই জমিতে প্রবেশ করেন। তাঁরা জমি দখলের চেষ্টা করেন এবং সেখানে থাকা আমন ধান ও গাছপালা নষ্ট করেন। এ সময় সীমানা বেড়া ভেঙে পাশের মান্নান হুজুরের বাড়ির দিকে ফেলে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মোশারফ হোসেনের সঙ্গে তাঁর ভাই, বোনসহ পরিবারের কয়েকজন সদস্যকে তিনি চিনতে পেরেছেন।
জমি দখলের চেষ্টায় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে খুন ও জখমের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন রেজাউল করিম। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে আবারও লোকজন নিয়ে জমিটি দখলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা, ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবরদখলের চেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে মোশারফ হোসেনের সঙ্গে কথা বলা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর বক্তব্যের বিস্তারিত পাওয়া যায়নি।