
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকল্প বাজার গড়ে তুলতে ভিটি বরাদ্দের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ৫০ বছরের পুরোনো হাজিরহাট বাজার ভেঙে নতুন বাজার গড়ে তোলার পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সোমবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন হাজিরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী।
অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ী নেতা মিজান পাটোয়ারী অভিযোগ করেন, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে পুরোনো হাজিরহাট বাজার ভেঙে নতুন বাজার গড়ে তুলতে চায়। টাকার লোভে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ না হলে পরদিন থেকে লাগাতার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেন এই ব্যবসায়ী নেতা।
আরেক ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন বলেন, হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা ঋণ করে ব্যবসা পরিচালনা করছেন। তাঁর অভিযোগ, উপজেলা পরিষদের কিছু জায়গায় ভিটি বরাদ্দের নামে অর্থের লোভে লুটপাট চালিয়ে হাজিরহাট বাজার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। তিনি ভিটি বরাদ্দের সিদ্ধান্ত থেকে সরে আসতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
জানা গেছে, উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে শতাধিক ভিটি বরাদ্দের কার্যক্রম শুরু করে। এ জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রতিটি ভিটির বিপরীতে ৫০ হাজার টাকা এবং চতুর্থ শ্রেণি ক্লাবের পাশে প্রতিটি ভিটির বিপরীতে এক লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে বিজ্ঞপ্তি জারি করা হয়। মঙ্গলবার সকালে যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে ভিটি বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এ খবর পেয়ে হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, হাজিরহাট বাজার থেকে দূরে উপজেলা পরিষদের জায়গায় ১০০ ব্যবসায়ীকে ভিটি বরাদ্দ দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ সময় হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ করেননি, এখন করছেন।