
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও পথসভায় পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বেসরকারি সংস্থা প্রান্তজন ও আমরা কলাপাড়াবাসীর উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
র্যালিতে পরিবেশ সুরক্ষাবিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।
পরিবেশকর্মী ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালি, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশে বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী ও নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং নির্মল বায়ু নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।