মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

হোম » জেলে-মৎস্য » মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

মনপুরায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের রাজা ইলিশ।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি রাজা ইলিশ। পরে মাছটি রামনেওয়াজ মৎস্য ঘাটের একটি আড়তে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বড় সাইজের ইলিশকে ‘রাজা ইলিশ’ বলে থাকেন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে অনি চৌধুরীর মাছের আড়তে মাছটি নিলামে তোলা হয়। পরে আড়তদার অনি চৌধুরী ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।

 

মৎস্য ব্যবসায়ীরা জানান, রামনেওয়াজ ঘাটসংলগ্ন মেঘনায় জেলে শরিফ মাঝির জালে অন্যান্য ছোট সাইজের ইলিশের সঙ্গে দুই কেজি ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে।

 

জেলে শরিফ মাঝি জানান, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম পাশের মেঘনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি জালে ধরা পড়ে। পরে তিনি অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি অনি চৌধুরীর মাছের আড়তে বিক্রি করেন।

 

আড়তদার অনি চৌধুরী বলেন, এখন সবসময় বড় সাইজের ইলিশ ধরা পড়ে না। রাজা ইলিশটি লঞ্চে করে ঢাকায় পাঠানো হবে। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি করা যাবে বলে তিনি আশা করছেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, বৃষ্টি বাড়লে সামনে জেলেদের জালে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ