
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে গভীর রাতে আলাউদ্দিন রাড়ী (৫০) নামে এক ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের বাড়ির পাশের একটি ঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আলাউদ্দিন রাড়ী উত্তর চরমঙ্গল গ্রামের মরহুম আব্দুল করিম রাড়ীর ছেলে। তিনি পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় আনজুর হাট চৌমুহনী বাজারে যান আলাউদ্দিন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির দক্ষিণে সিএমপি রোড থেকে প্রায় এক হাজার ফুট পূর্ব পাশে একটি ঝিলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত আলাউদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা বেগম বলেন, ‘আমার স্বামী আলাউদ্দিন রাড়ী বুধবার বিকেল ৫টার দিকে নাতির জন্য কেক ও বাজার-সদাই করতে আনজুর হাট চৌমুহনী বাজারে যান। রাত ১০টার দিকে আমার ভাতিজা সোহাগ ফোন করে আমার স্বামী কোথায় জানতে চায়। আমি বাজারে যাওয়ার কথা বললে সে কান্নাজড়িত কণ্ঠে জানায়, আমার স্বামীর লাশ বাড়ির দক্ষিণে সিএমপি রোড থেকে প্রায় এক হাজার ফুট পূর্ব পাশে আমাদের বিরোধপূর্ণ জমিতে পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার স্বামীর শার্ট কিছুটা দূরে পড়ে আছে। তার মোবাইল, টাকা-পয়সা ও বাজার-সদাইও পাওয়া যায়নি।’
পরিবারের দাবি, জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আলাউদ্দিনকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। তারা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঝিলের মাঝ থেকে আলাউদ্দিন রাড়ী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আমরা তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে আসামি করে মামলা করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে (বৃহস্পতিবার ২০ আগস্ট) ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’