গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

হোম » ঢাকা » গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি আটকসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কথিত শীর্ষ মাদককারবারি উজ্জল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লা।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

 

পুলিশ সুপার জানান, বুধবার ভোররাত ৩টার দিকে জেলা শহরের এলজিইডি মোড়ে বিপুল পরিমাণ মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় নতুন মডেলের সাদা রঙের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে উজ্জল মোল্লা ও ওয়াসিম মোল্লাকে আটক করা হয়।

 

তিনি জানান, পরে তাদের দেহ ও গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ হাজার ১২৩ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার অবৈধ বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ