সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে গলাচিপা দিঘিসহ উপজেলার আটটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান ও পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রান্তিক মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্যচাষে সফলতার স্বীকৃতি হিসেবে উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।