বরিশাল সিটি নির্বাচনে তপশিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

হোম » বরিশাল » বরিশাল সিটি নির্বাচনে তপশিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


বরিশাল সিটি নির্বাচনে তপশিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তপশিল এখনো ঘোষণা হয়নি। ভোটের দিন-তারিখও নির্ধারিত হয়নি। এর মধ্যেই মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নগরীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আগাম আলোচনা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা জনসংযোগ ও দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

সবচেয়ে বেশি আলোচনা চলছে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে। দলটির বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের একাধিক নেতা মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী। তবে এখন পর্যন্ত দল কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

 

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। তার অনুসারীরা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার করছেন।

 

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

 

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, সিটি নির্বাচনে দলের পক্ষ থেকে কাউকে চূড়ান্ত করা হয়েছে এমন কোনো তথ্য তিনি পাননি। তিনি নিজেও দলীয় মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

 

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, দলীয় চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার কাজ করছেন। সাধারণ মানুষ ও দলের হাইকমান্ড চাইলে তিনি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। তবে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত হাইকমান্ডের।

 

জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে না। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন এবং দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না।

 

বিএনপির বাইরে জামায়াতে ইসলামীও সম্ভাব্য প্রার্থী নিয়ে তৎপরতা শুরু করেছে। দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নাম মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

 

বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জোটের বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। এখনো কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে স্থানীয়ভাবে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে নিয়ে তারা কাজ করছেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশও বরিশাল সিটি নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত সিটি নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এবার তিনি নির্বাচন করতে আগ্রহী নন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ফলে নতুন প্রার্থী নিয়ে আলোচনা চলছে।

 

বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন নাইস বলেন, মেয়র পদে তারা এককভাবে নির্বাচন করবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

 

দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসিরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকার তথ্য পাওয়া গেছে। শেখ আব্দুল্লাহ নাসির বলেন, নির্বাচনের দিন-তারিখ এখনো ঘোষণা হয়নি। দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করছেন। দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছেন।

 

জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, এখন পর্যন্ত দলের কোনো প্রার্থী ঘোষণা হয়নি। এককভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই প্রার্থী ঘোষণা হতে পারে। জোটের বিষয়ে নির্বাচনের ঘোষণা আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

বামপন্থী দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী বলেন, সিটি নির্বাচনে বামপন্থীদের প্রার্থী থাকবে। তবে নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত না হওয়ায় এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দল ও জোট মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন।

 

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজনের নাম নগরীর রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তবে তপশিল ঘোষণার পর প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

 

প্রায় ৫৮ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ড রয়েছে। তিনটি থানা ও ২২৫টি মহল্লা নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।

 

২০০৩ সালে বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবর রহমান সরোয়ার। এরপর প্রয়াত শওকত হোসেন হিরন, প্রয়াত আহসান হাবীব কামাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সর্বশেষ আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়রের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ