
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুলনা নিউমার্কেটে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিটি ব্যাংক পিএলসি, খুলনা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের কেনাকাটায় ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এ সুবিধা ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এস. এম. কামালুজ্জামান কামাল, পরিচালক মো. মতিয়ার রহমান মোল্যা, অতিরিক্ত পরিচালক এন. এ. এম. সারওয়ারে আখতার ও মো. আবুল বাশার এবং সহকারী পরিচালক মো. নাফিউল করিম উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের প্রধান মো. ইব্রাহিম খলিল, এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখর হোড়, হেড অব অফলাইন বিজনেস মো. রেফাজ আহম্মেদ ভুইয়া, হেড অব বিজনেস সাপোর্ট মো. শফিউল করিম এবং খুলনা অঞ্চলের রিজিওনাল হেড অব অফলাইন বিজনেস নেওয়াজ মাহমুদসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা নিউমার্কেটের ব্যবসায়ীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দেশকে ক্যাশলেস সমাজে রূপান্তরের অন্যতম প্রধান হাতিয়ার। এ পদ্ধতিতে গ্রাহকেরা যেকোনো মার্চেন্ট কিউআর স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন। অন্যদিকে ব্যবসায়ীরা ডিজিটাল মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ গ্রহণের সুবিধা পাচ্ছেন।
বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা, সাইবার নিরাপত্তা এবং বাংলা কিউআরের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দেশের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করতে তাঁরা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের আহ্বান জানান।
সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল অর্থনীতির সুফল পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরএ/এমআর