
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণীর পরিচর্যা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘এনিমেল সেড’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সেড স্থাপন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এনিমেল সেড’ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনিরুজ্জামান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, এনিমেল লাভার পটুয়াখালী শাখার সদস্য মোহাম্মদ বাইজীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসকের উদ্যোগে বন্যপ্রাণীর পরিচর্যা ও চিকিৎসার জন্য এই এনিমেল সেড নির্মাণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘এনিমেল লাভারের সদস্যরা বিভিন্ন বিষধর সাপ ও হিংস্র প্রাণী উদ্ধারে আধুনিক সরঞ্জামের প্রয়োজনের কথা জানিয়েছেন। তারা চাহিদাপত্র দিলে তা বিবেচনা করে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রাণীকুল রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংগঠনের প্রতিটি সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।’