কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬


কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাতরা। এছাড়া তার স্ত্রী রুমা বেগম (৪০) ও পুত্রবধূ রেজবি (১৮) মারধরের শিকার হয়েছেন। ডাকাতরা প্রবাসীর দুই বছরের নাতি তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত আড়াইটা থেকে ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোররাতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল। ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হলে নাইম বাধা দেন। এ সময় ডাকাতরা তার হাঁটুর ওপরের অংশে গুলি করে।

প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। ডাকাতরা ঘরে ঢুকে আমাদের মারধর করে। পরে আমার ছেলের পায়ে গুলি করে এবং আমার নাতির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, টাকা ও আইফোন নিয়ে যায়।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১২:২০:১০ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ